Coca-Cola-র বড়দিনের বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। 2024 সালের “Holidays are Coming” বিজ্ঞাপনটি পুরোপুরি তৈরি করা হয়েছে Generative AI প্রযুক্তি ব্যবহার করে। Coca-Cola-র এই আইকনিক বড়দিনের বিজ্ঞাপন প্রথম প্রচারিত হয়েছিল 1995 সালে। সেই থেকে এটি অনেকের কাছে বড়দিনের আগমনের প্রতীক হয়ে উঠেছে।
তবে, এই বছরের 15-সেকেন্ডের নতুন সংস্করণে দর্শকরা খুঁজে পাননি সেই পুরোনো আবেগ। বিজ্ঞাপনটিতে ছোট অক্ষরে একটি বিজ্ঞপ্তি লেখা আছে—“Created by Real Magic AI,” যা কোকা-কোলার নিজস্ব AI সফটওয়্যারকে নির্দেশ করে।
সমালোচনায় বিদ্ধ AI বিজ্ঞাপন
অনেক দর্শক অভিযোগ করেছেন যে, এই বিজ্ঞাপনে ঐতিহ্যবাহী সান্তা ক্লজকে বাদ দেওয়া হয়েছে। কোকা-কোলার বড়দিনের প্রচারে সান্তা ক্লজ সবসময় একটি আবেগময় সংযোগ সৃষ্টি করত, যা এবার অনুপস্থিত। যদিও সান্তার হাত বিজ্ঞাপনে দেখা গেছে, তবুও দর্শকরা এটিকে ‘অপ্রাণবন্ত’, ‘অস্বাভাবিক’, এবং ‘ডিস্টোপিয়ান’ বলে আক্রমণ করেছেন।
X -এ এক ব্যবহারকারী লিখেছেন, “কোকা-কোলার বড়দিনের বিজ্ঞাপন AI-তে তৈরি করা হল… আমরা কীভাবে এটিকে চলতে দিচ্ছি?” আরেকজন মন্তব্য করেছেন, “Christmas Coca-Cola advert AI-তে তৈরি মানে এই পৃথিবীর অবসান।”
কোকা-কোলার প্রতিক্রিয়া
এত সমালোচনার পরও কোকা-কোলা তাদের এই নতুন বিজ্ঞাপনকে উদ্ভাবনের প্রতীক হিসেবে দেখছে। এক মুখপাত্র AdWeek-এ বলেন, “কোকা-কোলার এই AI-নির্ভর গল্প বলার প্রচেষ্টা আমাদের প্রযুক্তি ও সৃজনশীল অংশীদারদের সঙ্গে কাজ করার প্রতিফলন। আমরা আনন্দ ছড়াতে এবং সত্যিকারের জাদু তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে, অনেকেই মনে করেন, কোকা-কোলার এই প্রযুক্তিগত প্রয়াস ব্র্যান্ডটির দীর্ঘদিনের ঐতিহ্যকে পিছিয়ে দিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ইউটিউবে একজন লিখেছেন, “কোকা-কোলার বড়দিনের ম্যাজিক আজ আর নেই। স্রেফ AI দিয়ে বড়দিন উদযাপন সম্ভব নয়।”