ভারতের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি সংস্থা Neblio Technologies Private Limited-এর ওপর ঘটে গেল দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা। প্রায় ₹৩৮৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে সংস্থার ওয়ালেট থেকে। এই Neblio Technologies-ই জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ CoinDCX-এর মূল সংস্থা।
সূত্র মারফত জানা গেছে, গত ১৯ জুলাই রাত ২টা ৩৭ মিনিটে, সংস্থার ডিজিটাল ওয়ালেট থেকে প্রায় ৪৪ মিলিয়ন ডলারের (₹৩৮৪ কোটি) ক্রিপ্টোকারেন্সি ছয়টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়। বিষয়টি প্রথম নজরে আনেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট, পাবলিক পলিসি ও গভর্মেন্ট, হরদীপ সিং। তারপরেই বিষয়টি নিয়ে তদন্তে নামে সাইবার অপরাধ দমন শাখা।
আভ্যন্তরীণ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য — সংস্থার এক কর্মী রাহুল আগরওয়াল-এর অফিসিয়াল ল্যাপটপ থেকেই হ্যাকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে। তদন্তে আরও দেখা যায়, ওই কর্মীর ব্যক্তিগত অ্যাকাউন্টে ₹১৫ লাখ জমা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাহুল দাবি করেন, তিনি নাকি একটি পার্ট টাইম কাজ করছিলেন!
হরদীপ সিং পুলিশের কাছে অভিযোগে জানান, রাহুল আগরওয়াল-কে যে ল্যাপটপ দেওয়া হয়েছিল, সেটি শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্যই নির্ধারিত ছিল। তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, অন্য কোনও কাজে সেই ল্যাপটপ ব্যবহার করা যাবে না। পুলিশ সন্দেহ করছে, রাহুল সম্ভবত অজ্ঞাতপরিচয় হ্যাকারদের সঙ্গে যোগসাজশ করে এই হ্যাকিং করেছে।
Neblio-র এক মুখপাত্র জানান, “এই মুহূর্তে তদন্ত চলছে, তাই বিস্তারিত কিছু প্রকাশ করা সম্ভব নয়। তদন্তের স্বচ্ছতা ও গোপনীয়তা বজায় রাখতে আমরা সকলকে অনুরোধ করছি কোনও রকম অনুমান বা ভুয়ো তথ্য প্রচার না করতে।”
এই সাইবার ডাকাতি ভারতের ক্রিপ্টোকারেন্সি জগতের ইতিহাসে এক ভয়ংকর দৃষ্টান্ত। ঘটনাটি আবারও প্রমাণ করল, ক্রিপ্টো সংস্থাগুলি এখন ক্রমেই হ্যাকারদের টার্গেটে পরিণত হচ্ছে, এবং সাইবার নিরাপত্তা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ। তদন্ত চলছে, অপরাধীদের খোঁজে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না পুলিশ।