ভাবুন তো, আপনি কোনো নির্জন রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছেন বা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সাহায্য দরকার, কিন্তু আপনি ঠিক কোথায় আছেন, সেটা কাউকে বুঝিয়ে বলতে পারছেন না বা বলার মতো অবস্থায় নেই। ঠিক এমন ভয়ানক পরিস্থিতিতে যদি আপনার ফোন নিজেই পুলিশ বা অ্যাম্বুলেন্সকে আপনার সঠিক ঠিকানা জানিয়ে দেয়? শুনতে অবাক লাগলেও, ভারতে Android ব্যবহারকারীদের জন্য এখন এটাই বাস্তব!
প্রযুক্তি জায়ান্ট Google সম্প্রতি ভারতে চালু করেছে তাদের অত্যাধুনিক ফিচার—’Emergency Location Service‘ বা ELS। জরুরি অবস্থায় সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে এই প্রযুক্তি এক বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
সবচেয়ে স্বস্তির খবর হলো, এর জন্য আপনাকে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না বা দামী ফোন কিনতে হবে না। প্রতিটি Android ফোনেই এই ফিচারটি আগে থেকেই দেওয়া আছে(Built-in)।
যখনই আপনি বিপদে পড়ে ইমার্জেন্সি নম্বর 112 ডায়াল করবেন, তখনই আপনার ফোনের ELS ফিচারটি অটোমেটিক চালু হয়ে যাবে। এরপর এটি ফোনের GPS, Wi-Fi এবং মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সিগন্যাল ব্যবহার করে আপনার অবস্থান শনাক্ত করবে।
কতটা নির্ভুল এই লোকেশন?
সাধারণত আমরা ফোনে যে লোকেশন দেখি, তা অনেক সময় সঠিক হয় না। কিন্তু Google দাবি করেছে, তাদের এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এটি 50 Meters-এর মধ্যে আপনার একদম সঠিক অবস্থান বা ‘পিনপয়েন্ট লোকেশন’ বের করতে সক্ষম। আর এই লোকেশন ডেটা সরাসরি পৌঁছে যাবে স্থানীয় ইমার্জেন্সি রেসপন্স টিমের (যেমন পুলিশ বা অ্যাম্বুলেন্স) কাছে। ফলে তাদের আর আপনাকে খুঁজতে সময় নষ্ট করতে হবে না।
প্রাইভেসি বা খরচের চিন্তা নেই
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তবে কি Google সবসময় আমাদের ওপর নজর রাখবে? একদমই না। কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে, এই ফিচারটি শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনি 112 ডায়াল করবেন। Google আপনার কোনো লোকেশন ডেটা নিজেদের কাছে জমিয়ে রাখে না এবং এই সার্ভিসটি ব্যবহারের জন্য কোনো টাকাও খরচ হবে না।
উত্তর প্রদেশ দেখাল পথ
ভারতে এই প্রযুক্তির সফল বাস্তবায়ন প্রথম শুরু হয়েছে উত্তর প্রদেশে। সেখানে রাজ্যের জরুরি পরিষেবা ব্যবস্থা UP112 এবং টেকনোলজি পার্টনার PertSol-এর সাথে হাত মিলিয়ে Google এই কাজটি করেছে।
Google-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, “উত্তর প্রদেশ হলো ভারতের প্রথম রাজ্য যারা এই অ্যাডভান্সড কলার লোকেশন সিস্টেম (Advanced Caller Location System) পুরোপুরি চালু করেছে।” এর ফলে সেখানে উদ্ধারকাজ এখন আগের চেয়ে অনেক দ্রুত এবং নির্ভুল হয়েছে। Google এখন অন্যান্য রাজ্য সরকারগুলোকেও এই প্রযুক্তি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে।
বিশ্বের 60-টিরও বেশি দেশে ইতিমধ্যেই এই সার্ভিসটি চালু আছে এবং অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। ভারতের মতো বিশাল দেশে, বিশেষ করে গ্রামীণ এলাকা বা হাইওয়েতে যেখানে সঠিক ঠিকানা বলা কঠিন, সেখানে Android ফোনের এই ফিচারটি সত্যিকারের ‘জীবনরক্ষক’ হয়ে উঠবে।
তাই এখন থেকে পকেটে একটা Android ফোন থাকা মানে, বিপদের সময় সাথে একজন অদৃশ্য পাহারাদার থাকা!