আজকের ডিজিটাল যুগে আমাদের সমস্ত কিছু—ব্যাংকিং, গোয়েন্দা তথ্য, ব্যক্তিগত ডেটা, এমনকি জাতীয় নিরাপত্তা ইন্টারনেটের উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা হল, এই তথ্যগুলোকে হ্যাকিং-এর হাত থেকে বাঁচানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। কারণ? কোয়ান্টাম কম্পিউটার-এর আবির্ভাব।
এই অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটার এতটাই শক্তিশালী যে তারা মুহূর্তেই ভেঙে ফেলতে পারে বর্তমানে ব্যবহৃত কোনও এনক্রিপশন বা নিরাপত্তা কোড। কিন্তু সুখবর হল, ভারত বসে নেই! ISRO (Indian Space Research Organization) ও DRDO (Defence Research and Development Organization) একযোগে তৈরি করছে এক অভেদ্য কোয়ান্টাম নিরাপত্তা প্রযুক্তি, যা ভবিষ্যতে হ্যাকিং রুখে দেবে আগে থেকে।
কোয়ান্টাম নিরাপত্তা ঠিক কী?
কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট হল এই প্রযুক্তির মূল অস্ত্র। এই প্রক্রিয়ায় দুটি কণা এমনভাবে জড়িত থাকে যে, একটির অবস্থা বদলালে সঙ্গে সঙ্গে অপরটিও বদলে যায়—দূরত্ব যতই হোক না কেন। এই নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে কোয়ান্টাম কী ডিস্ট্রিবিউশন (QKD) ।
এর বিশেষত্ব? যদি কেউ এই গোপন কী চুরি করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে সিস্টেমে ব্যাঘাত ঘটে এবং সেই মুহূর্তেই ধরা পড়ে যায়। ফলত, তথ্যের গোপনীয়তা অক্ষুন্ন থাকে।
ISRO ও DRDO-র যুগান্তকারী পদক্ষেপ
ISRO ইতিমধ্যেই 300 মিটার দূরত্বে ফ্রি-স্পেস কোয়ান্টাম কমিউনিকেশন সফলভাবে পরীক্ষার মাধ্যমে ভিডিও কনফারেন্স এনক্রিপ্ট করেছে তাও আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। ভবিষ্যতে এটি স্যাটেলাইট নির্ভর কমিউনিকেশন -এর ভিত্তি হবে।
DRDO, IIT দিল্লির সঙ্গে, 1 কিমি দূরত্বে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট – নির্ভর নিরাপদ লিঙ্ক সফল করেছে। আরও আশ্চর্যের বিষয়, 100 কিমি অপটিকাল ফাইবারেও তারা QKD চালিয়েছে, মাত্র 7% ত্রুটির হারে। প্রতি সেকেন্ডে 240 বিট নিরাপদ কী তৈরি হয়েছে!
তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
- Fiber-based Communication – শহরের মধ্যে।
- Free-Space Communication – যেখানে ফাইবার পৌঁছয় না।
- Satellite-based Communication – দূরবর্তী অঞ্চল বা আন্তঃদেশীয় নিরাপদ সংযোগের জন্য।
এটি শুধু প্রযুক্তি নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার ভবিষ্যৎ। আজকের দিনে সাইবার থ্রেট যত বেড়েছে, ততই প্রয়োজন হয়ে পড়েছে এমন একটি সিস্টেম যা আর্মি কমিউনিকেশন, ব্যাঙ্কিং, এবং ব্যাক্তিগত তথ্য রক্ষা করতে পারে।
ভারতের অবস্থান
চিন ইতিমধ্যেই 1200 কিমি স্যাটেলাইট লিংক বসিয়েছে। কিন্তু ভারত খুব দ্রুত সেই ব্যবধান ঘুচিয়ে ফেলছে। ISRO ও DRDO-র লক্ষ্য – কোয়ান্টাম ইন্টারনেট এবং একটি সম্পূর্ণ হ্যাকিং-মুক্ত দেশ গড়ে তোলা।
আপনার ব্যাঙ্কিং লেনদেন, ব্যাক্তিগত মেসেজ, এমনকি সরকারি পোর্টালেও তথ্য থাকবে আরও নিরাপদ। হ্যাকার কিছুতেই আর পৌঁছতে পারবে না আপনার তথ্যের কাছে। ISRO ও DRDO আমাদের দেশকে শুধুমাত্র একটি প্রযুক্তিনির্ভর দেশ নয় বরং একটি নিরাপদ ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলছে।