Google আবারও কঠোর পদক্ষেপ নিল ভুয়ো তথ্য প্রচারের বিরুদ্ধে। ২০২৫ সালের এপ্রিল–জুন পর্যন্ত, তারা প্রায় ১১,০০০টি YouTube চ্যানেল ও অন্যান্য অ্যাকাউন্ট মুছে ফেলেছে, যেগুলি চিন, রাশিয়া ও আরও কিছু দেশের রাষ্ট্র–সমর্থিত প্রপাগান্ডার সঙ্গে যুক্ত ছিল।
CNBC-র রিপোর্ট অনুযায়ী, মুছে ফেলা অ্যাকাউন্টগুলির মধ্যে ৭,৭০০টিরও বেশি YouTube চ্যানেল ছিল চিনের সঙ্গে যুক্ত। এই চ্যানেলগুলোতে মূলত চাইনিজ এবং ইংরেজি ভাষায় ভিডিও প্রকাশিত হত, যেখানে চিনের কমিউনিস্ট পার্টির প্রশংসা, রাষ্ট্রপতি শি জিনপিং-এর সাফল্যের কাহিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশনীতি নিয়ে আলোচনা করা হত।
অন্যদিকে, রাশিয়ার সঙ্গে যুক্ত ছিল ২,০০০টিরও বেশি চ্যানেল। এই চ্যানেলগুলো বিভিন্ন ভাষায় রাশিয়ার পক্ষ সমর্থন করে ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমা দেশগুলিকে কটাক্ষ করত।
গত মে মাসে, Google আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়—তারা ২০টি YouTube চ্যানেল, ৪টি বিজ্ঞাপন অ্যাকাউন্ট এবং ১টি ব্লগার ব্লগ সরিয়ে দেয়, যেগুলি রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম RT-এর সঙ্গে যুক্ত ছিল। আসলে, YouTube ২০২২ সালের মার্চ থেকেই RT-এর চ্যানেল ব্লক করা শুরু করেছিল, তখনই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।
এই বিশাল অ্যাকাউন্ট মুছে ফেলার নেতৃত্ব দিয়েছে Google Threat Analysis Group। তাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চিন-রাশিয়া ছাড়াও আজারবাইজান, ইরান, তুরস্ক, ইজরায়েল, রোমানিয়া ও ঘানা থেকেও প্রভাব বিস্তারকারী প্রচারাভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য ছিল রাজনৈতিক বিরোধীদের আক্রমণ, আবার কিছু কেসে লক্ষ্য ছিল ভূরাজনৈতিক উত্তেজনা উসকে দেওয়া, যেমন ইজরায়েল–ফিলিস্তিন যুদ্ধ।
এদিকে, Meta-ও জানিয়েছে, তারা ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় ১ কোটি ভুয়ো প্রোফাইল সরিয়েছে, যেগুলি বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটরদের ছদ্মবেশে স্প্যাম কন্টেন্ট ছড়াচ্ছিল।
বিশ্লেষণ বলছে, এই পদক্ষেপগুলি ভবিষ্যতের জন্য এক সতর্ক সংকেত, যেখানে প্রযুক্তি সংস্থাগুলিকে আরও কড়া নজরে রাখতে হবে গ্লোবাল প্রপাগান্ডা ও মিথ্যা তথ্য রুখতে।