টেক ডেস্কঃ র্যাম চিপের দাম লাগামছাড়াভাবে বাড়তে থাকায় Apple তাদের আসন্ন iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লে প্যানেলের দাম কমানোর জন্য সরবরাহকারীদের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। রিপোর্টে প্রকাশ, অ্যাপল প্রতি প্যানেলের জন্য প্রায় ৭০ ডলার খরচ করতে চাইছে। গুণগত মান বজায় রেখেই দাম কমানোর এই কৌশল অ্যাপলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে দাম কমলেও ডিসপ্লের মান নিয়ে কোনো আপস করা হচ্ছে না। iPhone 18 Pro সিরিজে Samsung Display-এর অত্যাধুনিক M16 OLED প্যানেল ব্যবহার করা হবে, যা উজ্জ্বলতা, স্থায়িত্ব এবং রঙের ক্ষেত্রে আরও উন্নত অভিজ্ঞতা দেবে। আইফোনের OLED প্যানেলের দাম কমার এই প্রবণতা অবশ্য নতুন নয়; iPhone 16 Pro Max-এর ১০০ ডলারের বেশি থেকে iPhone 17 Pro Max-এর প্রায় ৮০ ডলারে নেমে এসেছে।
স্যামসাং ডিসপ্লে এবং এলজি ডিসপ্লে প্রায় ৬৬.৫০ ডলারে প্যানেল সরবরাহ করতে পারে, যা iPhone 17 Pro Max-এর তুলনায় প্রায় ২০% কম। মেমরি চিপের দাম বৃদ্ধির ক্ষতিপূরণ দিতেই অ্যাপল এই পদক্ষেপ নিয়েছে। যদিও ডিসপ্লের দাম কমছে, সামগ্রিকভাবে র্যাম সংকটের কারণে iPhone 18 Pro এবং Pro Max মডেলগুলির দাম ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।