টেক ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় শর্ট-ফর্ম ভিডিওর জনপ্রিয়তা তুঙ্গে, আর তার মধ্যে ২০২৩ সালে ভারতীয় দর্শকদের মন জয় করে নিয়েছে ইনস্টাগ্রাম রিলস। মেটা-র এক সমীক্ষায় দেখা গেছে, বিউটি, মেকআপ, ফ্যাশন এবং ট্রেন্ডস ক্যাটাগরির কন্টেন্টে ভারতীয়রা সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছেন, যা মোট ৫২% দর্শক টানছে।
লাইফস্টাইল ও ফিটনেস ভিডিওগুলিও পিছিয়ে নেই, ৪২% দর্শক এই ধরণের কন্টেন্ট দেখছেন। এরপরই রয়েছে কমেডি (৩৯%), স্পোর্টস (৩৮%) এবং ট্র্যাভেল (৩৭%)। সমীক্ষায় আরও জানা গেছে যে, অন্যান্য শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মের তুলনায় রিলস প্রায় ৬০% বেশি ক্রিয়েটর এনগেজমেন্ট প্রদান করে।
শুধু বিনোদন নয়, রিলস এখন মানুষের কেনাকাটার অভ্যাসেও বড় প্রভাব ফেলছে। প্রায় ৮১% মানুষ নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে রিলসের উপর নির্ভর করেন, ৬৬% দর্শক ব্র্যান্ড পছন্দের ক্ষেত্রে প্রভাবিত হন এবং ৪৭% চূড়ান্ত ক্রয়ের সিদ্ধান্ত নেন রিলস দেখে। বিশেষ করে তরুণ প্রজন্ম (Gen Z)-এর মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়, যেখানে ৮৪% নতুন প্রোডাক্ট ও ব্র্যান্ড সম্পর্কে জানতে মেটা প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
সমীক্ষা বলছে, ভারতের শহর ও গ্রাম উভয় অঞ্চলেই ৯৭% ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিন ভিডিও দেখেন। এই জাতীয় ভিডিও দেখার প্রবণতা শহরগুলিতে ৯৮% এবং গ্রামাঞ্চলে ৯৪%। এর থেকে বোঝা যায়, রিলস এখন সারা দেশে সমানভাবে জনপ্রিয় এবং ব্র্যান্ডগুলির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।