Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S25 Ultra আগামী 2025 সালের শুরুর দিকে বাজারে আনতে চলেছে। গত জানুয়ারিতে আসা Galaxy S24 Ultra-র উত্তরসূরি হিসাবে আসবে এই স্মার্টফোন। এবার Samsung তাদের এই নতুন মডেলের ডিজাইনে কিছু পরিবর্তন এনেছে বলে জানা গেছে। সম্প্রতি Galaxy S25 Ultra-র রেন্ডার ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা দিচ্ছে। এছাড়াও এই মডেলটি চারটি ভিন্ন রঙে আসতে পারে বলে জানা গেছে।
Samsung Galaxy S25 Ultra ডিজাইন ও রঙের বিকল্প (সম্ভাব্য)
প্রযুক্তি বিশেষজ্ঞ Technizo Concept তার X-হ্যান্ডেলে Samsung Galaxy S25 Ultra-র সম্ভাব্য রেন্ডার ছবি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, ফোনটির কোণগুলো কিছুটা গোলাকৃতি করা হয়েছে, যা ফোনটি হাতে ধরতে আরো সুবিধাজনক করবে। তবে, আগের মতোই ফ্ল্যাট এজ থাকবে বলে আশা করা হচ্ছে।
রেন্ডারে ফোনটির পিছনের প্যানেলও দেখা গেছে, যেখানে ক্যামেরা মডিউলটির একটি ক্লোজ-আপ ভিউ রয়েছে। Galaxy S25 Ultra-র প্রতিটি ক্যামেরা লেন্সের চারপাশে মোটা রিং দেখা গেছে, যা ক্যামেরার ডিজাইনকে আরও আকর্ষণীয় করেছে।
শুধুমাত্র একটি রেন্ডারে Samsung Galaxy S25 Ultra-র ডিসপ্লে দেখা গেছে, যা সম্ভবত ফ্ল্যাট স্ক্রিনের সাথে আসবে। এছাড়া, এটি Galaxy AI ফিচারের সাপোর্ট নিয়ে আসতে পারে। ফাঁস হওয়া ছবিগুলোতে S Pen-ও দেখা গেছে, যা এই মডেলে থাকছে বলে ধরে নেওয়া হচ্ছে।
Samsung Galaxy S25 Ultra চারটি রঙে আসতে পারে বলে জানা গেছে: Titanium Black, Titanium Blue, Titanium Gray, এবং Titanium Silver।
সম্প্রতি Geekbench-এ Snapdragon 8 Elite চিপ সহ এই মডেলটি দেখা গেছে, যা Galaxy S24 Ultra-র তুলনায় পারফর্মেন্সে বড় ধরনের উন্নতি করবে। ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত বিষয় এর আনুষ্ঠানিক লঞ্চের আগে প্রকাশ পেতে পারে।